নওগাঁর আত্রাইয়ে পাকা ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
- আপডেট সময়ঃ ০৬:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পাকা ধানে পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন মাঠে আমন ধান পাকতে শুরু করেছে। ধান পাকার মুহূর্তে পোকার আক্রমণে ফলনে ব্যাপক বিপর্যয় হবে বলে কৃষকরা জানিয়েছেন। জানা যায়, এবারে এলাকায় আগাম বন্যা হওয়ায় কিছুটা বিলম্বে আমন ধান রোপণ করা হয়। আমন ধান রোপণের পর থেকেই কৃষক এ ধানগুলো পরিচর্যা করে আসছেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি আমন মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ৮ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া ও মনিয়ারী ইউনিয়নে সর্বাধিক পরিমাণ আমন ধানের চাষ হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও আত্রাইয়ে ব্রি-ধান ৩৪ (চিনি আতপ) ধানের চাষ সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। বাজারে এ ধান চড়া মূল্যে বিক্রির কারণে কৃষকরা এ ধান চাষে ঝুঁকেছে বেশি। সম্প্রতি উপজেলার বিভিন্ন মাঠে চিনি আতপ ধান পাকতে শুরু করেছে। ধান পাকার সাথে সাথে পোকার আক্রমণও বেড়ে গেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের বিভিন্ন মাঠে পাকা ধান পোকা খেয়ে সাবাড় করে দিচ্ছে। রাতারাতি পোকার আক্রমণে জমির অনেকাংশ ধান বিনষ্ট হয়ে যাচ্ছে। কোনভাবেই যেন এ আক্রমণ রোধ করা যাচ্ছে না।
উপজেলার চৌথল গ্রামের আলতাফ হোসেন ‘দৈনিক আমাদের নওগাঁ’ কে বলেন, আমি ২৩ বিঘা জমিতে চিনি আতপ ধানের চাষ করেছি। আমার প্রতিবেশী আবু বক্কর ৫২ বিঘা জমিতে চিনি আতপ ধানের চাষ করেছেন। আমাদের জমিসহ এ মাঠে প্রত্যেকের জমিতে পোকার আক্রমণ শুরু হয়েছে। শুরুর দিকে ধানের শীষ মরে যাওয়া রোগ দেখা দিয়েছিল। বর্তমানে কারেন্ট পোকার আক্রমণ শুরু হওয়ায় জমির পাকা ধান সাবাড় হয়ে যাচ্ছে। ওষুধ ব্যবহারেও কোন কাজ হচ্ছে না। শাহাগোলা গ্রামের হাফেজ সালমান সোহেল বলেন, আমাদের মাঠে পাকা ধানে যে হারে পোকার আক্রমণ শুরু হয়েছে, তাতে ফলনে ব্যাপক বিপর্যয় হবে এবং কৃষকরা চরম লোকসানের শিকার হবে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ রহমান মণ্ডল ‘দৈনিক আমাদের নওগাঁ’ কে বলেন, ওই এলাকায় পাকা ধানে যে রোগ দেখা দিয়েছে সেটি মূলত ব্লাস্ট রোগ। ছত্রাকনাশক ব্যবহারে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা কৃষকদের সার্বক্ষণিক ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এ ছাড়াও প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। কিছু এলাকায় পোকার যে আক্রমণ শুরু হয়েছে সেটিরও প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ ব্যবস্থা কার্যকর হলে ফলনে বিপর্যয় হবে না।



















