চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- আপডেট সময়ঃ ০৮:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৩ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভির আহমেদ সিদ্দিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউল করিম বাবু, মাসুদুল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং হেফজুল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান।
চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের সদস্য ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী মায়িশা আনজুম, দশম শ্রেণির সাফিয়া আনজুম ও দশম শ্রেণির মাহবুবা ফেরদৌস। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম। একই দলের মাহবুবা ফেরদৌস শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন। তারুণ্যের উদ্দীপনায় মুখর প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতার্কিকরা যুক্তি, তথ্য ও উপাত্তের মাধ্যমে দুর্নীতির কুফল এবং দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা তুলে ধরেন। আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মতো সৃজনশীল ও যুক্তিনির্ভর আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দুদকের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















