মধুখালীর নির্বাচনী মাঠে আলীমুজ্জামানকে ঘিরে নতুন সমীকরণ
- আপডেট সময়ঃ ১২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

মকিবুল মিয়া, মধুখালী (ফরিদপুর)
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাওলানা আলীমুজ্জামানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। দীর্ঘদিনের শিক্ষকতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে দাবি তাঁর সমর্থকদের।
মাওলানা আলীমুজ্জামান চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি।
স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলীমুজ্জামানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ
করে সংগঠনের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা তাঁকে নির্বাচনী মাঠে এগিয়ে রাখছে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
আলীমুজ্জামানের সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। ফলে নির্বাচনে তিনি দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সমর্থন পাওয়ার সম্ভাবনা দেখছেন ।
তবে স্থানীয় রাজনীতিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হলে নির্বাচনী মাঠে একাধিক প্রার্থীর মধ্যে কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই ফল নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মধুখালীর কয়েকজন ভোটার বলেন, তাঁরা এমন একজন চেয়ারম্যান চান, যিনি রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে পারবেন।
এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন এমন নেতৃত্বই তাঁদের প্রত্যাশা। তরুণ ভোটারদের একটি অংশও আলীমুজ্জামানের প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে দাবি তাঁর সমর্থকদের। তাঁদের মতে, তরুণদের সঙ্গে যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাংগঠনিক ভূমিকার কারণে নতুন প্রজন্মের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা নির্বাচনে শুধু দলীয় পরিচয় নয়, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সাংগঠনিক শক্তি, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব ক্ষেত্রে আলীমুজ্জামানের অবস্থান নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এদিকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন মাওলানা আলীমুজ্জামান। সভা, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন ।
ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্থানীয় ব্যবসা- বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং নাগরিক সেবা সহজ করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
মাওলানা আলীমুজ্জামান বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে মধুখালীর মানুষের জন্য কাজ করতে চাই। উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেব। নীতি ও সততার সঙ্গে সরাসরি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চাই। এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা আরও বাড়বে। ফলে মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে আলীমুজ্জামানের অবস্থান শেষ পর্যন্ত কতটা শক্ত হয়, তা নির্ভর করবে তৃণমূলের সমর্থন ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।



















