মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৬:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৭৪ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
গতকাল শুক্রবার বিকেলে পারইটঙ্গী গ্রামের মমতাজ হোসেনের বাড়িতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে যান মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কালিগ্রাম দৌড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জাকিয়া সুলতানাসহ স্থানীয়রা।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিপদের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। এমপির এই উদ্যোগ পরিবারটির ঘুরে দাঁড়ানোর পথে সহায়ক হবে।
স্থানীয়রা আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।
















