বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন
- আপডেট সময়ঃ ০৮:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের আয়োজনে এবং “দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী” ব্যানারে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় ও লাল পতাকা হাতে নিয়ে এলাকার বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং স্থানীয় জনতা অংশ নেন। আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল মান্নান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁদের অসম্মান করা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত ও মূল অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা হাত গুটিয়ে বসে থাকবে না। সমাবেশে বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মান করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে মুক্তিযোদ্ধাসহ দেশের সকল সর্বস্তরের জনগণ আজ ঐক্যবদ্ধ। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর ও আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।



















