বাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
- আপডেট সময়ঃ ০৯:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় রান্নাঘরের প্রাচীর ভেঙে রিয়াদ মীর (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের খালিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের পাশে থাকা অবস্থায় হঠাৎ প্রাচীরের একটি অংশ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় রিয়াদ। পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত রিয়াদ মীর খালিমপুর গ্রামের লালন মীরের একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।















