বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড
- আপডেট সময়ঃ ০৭:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দার পাড়া মহল্লায় সরকারি খাস জমিতে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমিতে স্থায়ী ভবন নির্মাণের অনুমোদন না থাকলেও নিয়ম-নীতি উপেক্ষা করে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দার পাড়া মসজিদের সামনে সরকারি খাস জমিতে আশরাফ হোসেন ভবনটি নির্মাণ করছেন। অভিযোগে বলা হয়েছে, ওই স্থানে মসজিদের সামনে অবৈধভাবে একটি ল্যাট্রিন, একটি টিউবওয়েল ও প্রস্রাবখানা ভেঙে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়।
অভিযোগসূত্রে জানা গেছে, সরকারি খাস জমির দাগ নম্বর ৭৫৩, ৭৭১ ও ৭৭২। এসব দাগে বিভিন্ন পরিমাণের সরকারি খাস জমি রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সরকারি খাস জমি বন্দোবস্ত বা লিজ নিয়ে অস্থায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা গেলেও সেখানে স্থায়ী কোনো ভবন নির্মাণের সুযোগ নেই বলে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট নিয়ম-নীতি না মেনে এরই মধ্যে ওই ব্যক্তি সেখানে একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমি দখলমুক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত সরকারি খাস জমি বন্দোবস্ত নিলেও সেখানে স্থায়ী ভবন নির্মাণের কোনো নিয়ম নেই। উপজেলা প্রশাসন থেকে এ ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না। স্থায়ীভাবে ভবন নির্মাণ করতে হলে জেলা প্রশাসকের (ডিসি) লিখিত অনুমোদনের প্রয়োজন রয়েছে।
এদিকে, ভবনটির নির্মাণকারী আশরাফ হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে আশরাফ হোসেনের মেয়ে আঁখি জানান, আমার বিয়ে হয়ে গেছে আমি স্বামীর বাসায় থাকি। এই জমি আমার আব্বা ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে লীজ নিয়েছে। আমরা ৯৯ বছর ভোগদখল করব সেখানে যা পারি তাই করব।



















