দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন
- আপডেট সময়ঃ ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছে পৌর প্রশাসন। পৌর প্রশাসনের নিয়মিত পরিদর্শন ও তৎপরতায় এগিয়ে চলছে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নকাজ।
মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় পৌর শহরের বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ, সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়মিত সময়ের পাশাপাশি অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করছে। পৌর প্রশাসনের পক্ষ থেকেও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নির্মাণের মান যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে এসব উন্নয়নকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা চালু হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণের ফলে যানবাহন চলাচল সহজ হবে এবং শহরের যানজট অনেকটাই কমে আসবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ বলেন, পৌর শহরের উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে পৌর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সময় কাজ করছে। আমরাও মাঠপর্যায়ে সরেজমিনে কাজ পরিদর্শন করছি, যাতে কাজের গুণগত মান বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা না হয়। তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণ শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, এটি নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কাজগুলো সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, যানবাহন চলাচল সহজ হবে এবং পৌরবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। উন্নয়নকাজ দ্রুত শেষ করতে পৌর প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে। পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন বলেন, শহরের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফিকুল ইসলাম বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে। কাজগুলো যথাযথভাবে সম্পন্ন হলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সড়কে চলাচলের ভোগান্তি কমবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উন্নয়নকাজ শেষ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক সুযোগ-সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসবে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি কমিয়ে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিকল্পিত নগর হিসেবে নতুন রূপ পাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।



















