ডেঙ্গু মোকাবিলায় পাহাড়ের ১০ উপজেলায় ২১০০ পরীক্ষার কিট দিল রাঙামাটি জেলা পরিষদ
- আপডেট সময়ঃ ০৫:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক, রাঙামাটি:
ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা ও আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙামাটির ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের জন্য ২ হাজার ১০০টি ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। একই সঙ্গে দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রোববার (২২ নভেম্বর) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিভিল সার্জন ডা. নুয়েন খীশার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কিটগুলো হস্তান্তর করেন তিনি।
দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের অনেক দুর্গম এলাকার মানুষ এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব মেডিকেল টিমের মাধ্যমে এসব এলাকায় নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করছে। পাশাপাশি স্থল, নৌ ও আকাশপথে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেও সহযোগিতা করছে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মেডিকেল স্টাফরা কাজ করলে দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবার দীর্ঘদিনের সংকট অনেকাংশে দূর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রাঙামাটিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করবে, যাতে সামান্য জটিলতা দেখা দিলেই রোগীদের ঢাকা কিংবা চট্টগ্রামে পাঠাতে না হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য উন্নতমানের ডরমিটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের আবাসনের ভালো পরিবেশ নিশ্চিত করা গেলে তাঁরা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন এবং সাধারণ মানুষও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।
জেলা পরিষদের দেওয়া ২ হাজার ১০০টি ডেঙ্গু পরীক্ষার কিট জেলার ১০টি উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যবহার করা হবে। এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ শনাক্তকরণে উপজেলা পর্যায়ে সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
সভায় সিভিল সার্জন ডা. নুয়েন খীশা বলেন, বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে রাঙামাটি জেলায় কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সংকট নিরসন জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার ১০ উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ ও শনাক্তকরণ কার্যক্রম, চিকিৎসক সংকট এবং দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















