বৃষ্টিতে পাঁচবিবিতে কৃষকের ফসলহানির শঙ্কা
- আপডেট সময়ঃ ০৫:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

আজাদ আলী ,জয়পুরহাট:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে মাঠ কেটে রাখা পাকা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির জমিতে পানি জমে থাকায় ফসল হানির দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
মাথার ঘাম পায়ে ফেলে যে সোনার ফসল ফলানো কৃষকের চোখে হতাশার শঙ্কা। ঘরে ধান তোলার আগেই প্রকৃতির এমন বিরূপ আচরণে তাঁদের স্বপ্ন ও পরিশ্রম এখন অনিশ্চয়তার মুখে।
রোববার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কেটে রাখা ধান পানিতে ভিজে গেছে। কোথাও কোথাও ধানগাছ হেলে পড়েছে। এতে ধানের ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে আগাম আলু ও শীতকালীন সবজির অনেক ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জমে থাকা পানি বের করতে কৃষকদের নালা কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করতে দেখা গেছে।
স্থানীয় কয়েকজন দিনমজুর জানান, টানা বৃষ্টিতে শুধু কৃষিকাজ নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। ফলে বন্ধ হয়ে গেছে তাঁদের প্রতিদিনের আয়-রোজগার।
উপজেলার হাটখোলা গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, মাঠে তাঁর ৬ বিঘা জমির ধান কেটে রাখা হয়েছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাঠে এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।
ধরঞ্জী গ্রামের কৃষক ইউনুছ আলী বলেন, দুদিন আগে তিনি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছেন। রোপণের পরদিন থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। এখন আলুর জমিতে পানি জমে আছে। দ্রুত পানি না শুকালে আলু গজাবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ বলেন, আবহাওয়া সামান্য অনুকূলে আসা মাত্রই ৮০ শতাংশ পেকে যাওয়া অবশিষ্ট আমন ধান দ্রুত কেটে বাড়ির আঙিনা, উঁচু স্থান কিংবা ছাউনিযুক্ত নিরাপদ স্থানে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। হেলে পড়া ধান পানি সরে যাওয়ার পর গোছা করে বেঁধে রাখতে হবে, যাতে ধানের শীষ মাটির সংস্পর্শে না আসে।
তিনি আরও বলেন, ভেজা ধান স্তূপ করে রাখা যাবে না। এতে ধান গরম হয়ে নষ্ট হতে পারে এবং চালের গুণগত মান কমে যেতে পারে। তাই বাতাস চলাচল করে এমন স্থানে ধান পাতলা করে বিছিয়ে রাখতে হবে এবং রোদ উঠলে ভালোভাবে শুকিয়ে মাড়াই করতে হবে। পাশাপাশি আগাম আলু, সরিষা ও শীতকালীন সবজির জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে। ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।


















