ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
- আপডেট সময়ঃ ০৬:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করে।
আটক রাকিব ইসলাম গৌরীপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রাকিব ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




















