সান্তাহার প্রেসক্লাব ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি বিএনপি নেতাদের
- আপডেট সময়ঃ ০৭:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল, পেশাদার সাংবাদিক ও সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদচর্চার জন্য প্রতিষ্ঠিত প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে প্রেসক্লাবের পরিবেশ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত প্রচারণা চালানোর অভিযোগও তুলেছেন বিএনপি নেতারা।
সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, “প্রেসক্লাব কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত কার্যালয় নয়। এটি সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রতিষ্ঠান। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে অপপ্রচার চালিয়ে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন অভিযোগ করে বলেন, “সান্তাহার প্রেসক্লাবকে কেন্দ্র করে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ বিষয়ে আমার কাছে প্রমাণও রয়েছে। প্রেসক্লাবের দুই-তিনজন সাংবাদিক আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন বলে আমার অভিযোগ। তারা প্রেসক্লাব চত্বরে বৈঠক এবং সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি কিংবা অপপ্রচার চালানো হলে তা গ্রহণযোগ্য নয়।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।



















