সান্তাহারে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে আতঙ্ক-উত্তেজনা, তদন্তে পুলিশ
- আপডেট সময়ঃ ০৭:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার সোনার বাংলা মার্কেট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় ৮-১০ জনের একটি দল দলবদ্ধভাবে এ স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনার বাংলা মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত কোচিং সেন্টার থেকে বের হয়ে কয়েকজন শিক্ষার্থী দলবদ্ধভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত মার্কেট এলাকা ত্যাগ করে। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সোনার বাংলা মার্কেট কমিটির নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন।
মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ফ্রেন্ডস টেইলার্সের স্বত্বাধিকারী বাদশা বলেন, ‘তৃতীয় তলায় আমার ব্যবসাপ্রতিষ্ঠানের কারখানা রয়েছে। সেখানে যাওয়ার সময় পাশের একটি কক্ষ থেকে কয়েকজন ছেলেকে জয় বাংলা স্লোগান দিতে দিতে নিচে নেমে যেতে দেখি।’
রুয়েট কোচিং সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত শনিবার আমার কোচিং সেন্টার বন্ধ ছিল। মিছিলের বিষয়টি আমার জানা নেই।’
সোনার বাংলা মার্কেট কমিটির সভাপতি নিজাম দেওয়ান স্লোগান দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তারা স্লোগান দিয়েছে, তা তিনি জানেন না।
অন্যদিকে, তৌহিদ’স কোচিং সেন্টারের শিক্ষক তৌহিদ ইসলাম বলেন, ‘ঘটনার দিন আমার কোচিং সেন্টারে একটি অনুষ্ঠান ছিল। বিকেলের মধ্যে অনুষ্ঠান শেষ হয়েছে। কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়েছে, তা আমার জানা নেই।’
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, ‘মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষকদের ডাকা হয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















