মান্দায় বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময়ঃ ০৮:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াছিন আলী মাস্টারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় বৈদ্যপুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, মো. ইয়াছিন আলী মাস্টারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন মাল বলেন, ইয়াছিন আলী মাস্টার একজন সৎ ও মানবিক মানুষ। তাঁর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
ভালাইন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুল হক বাবু বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে। একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষক মঞ্জুরুল হক বলেন, একজন শিক্ষকের ওপর হামলা পুরো শিক্ষক সমাজের ওপর আঘাতের শামিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।









