পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে
- আপডেট সময়ঃ ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে “ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”। ঈদুল ফিতরের পরের দিন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও স্মৃতিচারণের পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। “প্রাক্তনদের মিলনমেলা, সাথে চমক ক্রিকেট খেলা” প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচ অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টটি গোদাগাড়ীর বিদিরপুর উত্তরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন ব্যাচের দল অংশ নেবে। ইতোমধ্যে দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে এবং আয়োজকরা দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের আহ্বান জানিয়েছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো স্মৃতি রোমন্থন করার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে। পাশাপাশি এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
আয়োজনে: পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।



















