নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি ডা. আব্দুল বারীর
- আপডেট সময়ঃ ০৮:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর বাগমারায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী। জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে প্রতি শুক্রবার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সেই অঙ্গীকার নিয়মিতভাবে পালন করে চলেছেন।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চিকিৎসা পেশার সঙ্গে সম্পৃক্ত ডা. আব্দুল বারী শুরু থেকেই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এমবিবিএস পাস করার পর থেকেই তিনি বাগমারার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে তিনি সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছেন।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। নির্বাচনের সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রতি শুক্রবার বিনামূল্যে রোগী দেখেন। নির্বাচনের পর থেকেই ভবানীগঞ্জে তাঁর প্রতিষ্ঠিত ভবানীগঞ্জ ক্লিনিকে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতি শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের মানুষ চিকিৎসাসেবা নিতে ভবানীগঞ্জ ক্লিনিকে ভিড় করেন। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী রোগীরা এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন। শুধু পরামর্শ নয়, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।
স্থানীয়দের ভাষ্যমতে, বাগমারা একটি প্রত্যন্ত জনপদ হওয়ায় অনেক মানুষ আর্থিক সংকটের কারণে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। সেই জায়গা থেকে ডা. আব্দুল বারীর এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন।
ডা. আব্দুল বারীর পাশাপাশি ভবানীগঞ্জ ক্লিনিকে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়মিত রোগী দেখছেন। উন্নত চিকিৎসাসেবা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং স্বল্প খরচে চিকিৎসা সুবিধা নিশ্চিত করায় ইতোমধ্যেই ভবানীগঞ্জ ক্লিনিক ব্যাপক সুনাম অর্জন করেছে।
নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতি শুক্রবারের মতো আজও সকাল থেকে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্লিনিকে। চিকিৎসাসেবা নিতে আসা অনেকেই বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ডা. আব্দুল বারী শুধু রাজনৈতিক দায়িত্বই পালন করছেন না, মানবিক দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করছে।
এমপির ডাক্তার আব্দুল বারী বলেন, মানুষ মানুষের জন্য। একজন অসহায় ব্যক্তির চিকিৎসার অভাবে কষ্টে জীবন যাপন করবে সেটা হতে পারে না। আমি আমার জায়গা থেকে তাদের সেবায় কাজ করে যাচ্ছে। ৩০ বছর ধরে আমি মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। হাজারো রোগীকে দিয়েছি বিনামূল্যে চিকিৎসা সেবা। আমি নির্বাচিত হওয়ার পর থেকে একদিন রেখেছি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য। সেই প্রতিশ্রুতি আজ অবধি বাস্তবায়ন করে চলেছে।


















