গোদাগাড়ীতে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৬৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) উপজেলার তৈমুর চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে “গোদাগাড়ীতে নির্বাচন পরবর্তী বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয়” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। International Development এর Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) কর্মসূচির আওতায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), গোদাগাড়ী, রাজশাহী। সংলাপে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নির্বাচন পরবর্তী সময়ে সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এর পরবর্তী সময়ে সমাজে বিভাজন বা সংঘাত সৃষ্টি হওয়া কোনোভাবেই কাম্য নয়। তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করে এলাকার শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সংলাপে বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ, শিক্ষক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে যেকোনো ধরনের সামাজিক উত্তেজনা বা বিরোধ সহজেই মোকাবিলা করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে গোদাগাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা স্থানীয় পর্যায়ে নিয়মিত সংলাপ, মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপ শেষে উপস্থিত সবাই শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি উন্নত ও স্থিতিশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।




















