বাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
- আপডেট সময়ঃ ১০:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতিকে আরও সুসংহত করতে একক মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। দলীয় সিদ্ধান্তে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ওয়ারেছ আলী। তিনি বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাগমারা উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং নির্বাচনী প্রস্তুতিকে এগিয়ে নিতেই এই একক প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ড. মোহাম্মদ ওয়ারেছ আলী দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান।
বিশেষ করে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দল তাঁর ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, দলীয় ঐক্য, নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করতে চান।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।



















