নওগাঁর আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
- আপডেট সময়ঃ ০৫:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার ক্যাশবপাড়া নূরানী মডেল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ তুলে দিয়ে এই সবক প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার ফিল্ড সুপার ভাইজার আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোনিরুজ্জামান বলেন, নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিশুদের বাল্যকাল থেকেই কুরআন শিক্ষার আলোয় আলোকিত করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা দূর হবে। সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের এই শিক্ষা নিয়মিত চর্চা করা এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন
আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল হোসেন, হাফেজ আব্দুর রাজ্জাক, স্থানীয় ব্যক্তি খয়বর আলী ও আব্দুল জলিল, কেন্দ্র শিক্ষক মুফতি মহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শুটকিগাছা বাজার মসজিদ, ক্যাশবপাড়া উত্তরপাড়া মসজিদ এবং ক্যাশবপাড়া পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান। অনুষ্ঠান শেষে কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।




















