নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘ওয়াটার স্টেশন’ এর উদ্বোধন
- আপডেট সময়ঃ ০৭:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি, হ্যান্ড ওয়াশিং স্টেশন এবং উন্নত স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অধীনে বাস্তবায়িত ‘পাইপড ওয়াটার স্টেশন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। হাটকালুপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার স্টেশনটির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অপরিহার্য। ব্র্যাক ওয়াশ কর্মসূচির এই উদ্যোগ মাদরাসার শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা এখান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে অভ্যাস গড়ে তুলবে, তা তাদের পরিবার ও সমাজকেও সচেতন করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সোজাউদ্দীন এবং উপজেলা ব্র্যাক কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন চকশিমলা দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী বাদল। এ সময় হাটকালুপাড়া দাখিল মাদরাসার শিক্ষক- কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত পাইপড ওয়াটার স্টেশন ও হ্যান্ড ওয়াশিং কর্নার ঘুরে দেখেন এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।



















