এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার
- আপডেট সময়ঃ ০৭:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক, রাঙামাটি:
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে ৫০তম কঠিন চীবর দান উৎসবের সুবর্ণজয়ন্তী আয়োজন। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং সেই কাপড় বুনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির ব্যতিক্রমী ধর্মীয় কর্মযজ্ঞে অংশ নিয়েছেন প্রায় ৮০০ নারী। দুই শতাধিক বেইনে রাতভর চলে চীবর বুননের এই আয়োজন। এতে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন লাখো বৌদ্ধ ধর্মাবলম্বী ও পুণ্যার্থী।
শুক্রবার (২০ নভেম্বর) রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেশ্বর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এবারের আয়োজনটি রাজবন বিহারে কঠিন চীবর দান উৎসবের ৫০তম বছর পূর্তি হওয়ায় বিশেষ তাৎপর্য বহন করছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিহার প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় দেশনা, বুদ্ধবন্দনা, পঞ্চশীল গ্রহণ, চীবর বুনন এবং দানোৎসবকে কেন্দ্র করে ভোর থেকে রাত পর্যন্ত পুণ্যার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো বিহার।
বৃহস্পতিবার বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণ এবং বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ আয়োজন। রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বেইনঘর উদ্বোধন করেন। পরে চাকমা রাজপরিবারের সদস্য জয়তি রায়ের চরকায় সুতা কাটার মধ্য দিয়ে শুরু হয় চীবর তৈরির আনুষ্ঠানিকতা।
বৌদ্ধ ধর্মীয় ইতিহাস ও ঐতিহ্য অনুসারে, মহাউপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি করে মহামতি গৌতম বুদ্ধকে দানের প্রথা প্রবর্তন করেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই প্রতিবছর কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়। ১৯৭৬ সাল থেকে রাঙামাটির রাজবন বিহারে ধারাবাহিকভাবে এ উৎসব পালিত হয়ে আসছে।
উৎসবের অন্যতম আকর্ষণ চীবর বুননের এই কর্মযজ্ঞ। বিহার প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে দুই শতাধিক বেইন। প্রায় ৮০০ নারী এসব বেইনে অংশ নিয়ে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বোনার কাজ সম্পন্ন করেন। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরির প্রতিটি ধাপ শেষ করতে রাত-দিন বিরতিহীনভাবে চলে তাঁদের কর্মব্যস্ততা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান শুধু ধর্মীয় উৎসব নয়, বরং দান, শীল, ত্যাগ, সংযম ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন। বিশেষ করে চীবর তৈরিতে নারীদের সম্মিলিত অংশগ্রহণ এ উৎসবকে দিয়েছে আলাদা মাত্রা। তিন পার্বত্য জেলার প্রত্যন্ত জনপদ থেকে আসা পুণ্যার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অংশগ্রহণে রাজবন বিহার পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি নিরুপা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অমীয় খীসা উৎসবের ধর্মীয় তাৎপর্য, আয়োজন ও পুণ্যার্থীদের অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
এদিকে উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানান রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন সাধনা ও কর্মযজ্ঞ শেষে তৈরি চীবর ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গ ও দানের মধ্য দিয়ে পূর্ণতা পায় এ আয়োজন। রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দান উৎসবের সুবর্ণজয়ন্তী তাই ধর্মীয় আনুষ্ঠানিকতার গণ্ডি ছাড়িয়ে পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।




















