সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
- আপডেট সময়ঃ ০৭:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত। এই রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ মাসে চোরাচালানবিরোধী অভিযানে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
১০ মাসের উল্লেখযোগ্য জব্দ তালিকা স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ: ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।
মাদকদ্রব্য: ইয়াবা (৫৪,২২০ পিস), হেরোইন (৩.৯৬৬ কেজি), গাঁজা (১,০০১.৯২ কেজি), ক্রিস্টাল মেথ/আইস (২.২৯০ কেজি), বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট।
চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযান ও ব্যাটালিয়নের সাফল্য মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপ-অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জের ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করে। এছাড়া গত এক বছরে এই ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লক্ষ ২৯ হাজার ৯৫৯ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
বিজিবির বার্তা ও সহযোগিতার আহ্বান মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সীমান্তবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।



















