রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজন পেলেন হুইলচেয়ার
- আপডেট সময়ঃ ০৯:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন, স্টাফ রিপোর্টারঃ
প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতজনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ারগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
হুইলচেয়ারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান ও হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।
হুইলচেয়ার বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা বলেন,মানুষ মানুষের জন্য,এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়,এটি একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবারের ওপর নির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, রাজশাহী জেলা পরিষদ সব সময় অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে জেলা পরিষদ আন্তরিক। সামর্থ্য ও সুযোগ অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চায় জেলা পরিষদ।
বিতরণ করা হুইলচেয়ারগুলো উপকারভোগীদের দৈনন্দিন চলাফেরা সহজ করবে এবং তাঁদের জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।



















