রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময়ঃ ০৯:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী এবং সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েমসহ যুবদলের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, একসময় আন্দোলনের সঙ্গী থাকা কিছু ব্যক্তি বর্তমানে গোপনে পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















