বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ করছেঃ এমপি চাঁদ
- আপডেট সময়ঃ ০৭:৪৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আড়ানী পৌর বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ । সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। মঞ্চে চারঘাট ও বাঘা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আড়ানী পৌর ও ইউনিয়নের কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শুভেচ্ছা জানাতে আসে।
অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় । প্রধান অতিথির বক্তব্যে কালে আবু সাইদ চাঁদ এমপি বলেন, বিএনপি সরকার গঠনের পর ক্ষমতায় বসে নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ করছে এবং করবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে শাহরিয়ার আলম আওয়ামী লীগের এমপি হয়েছিল। বিএনপির দলীয় প্রধানের সিদ্ধান্তে ভোটে আসে নাই। আওয়ামী লীগের শাহরিয়ার আলম এমপি হয়ে বিএনপি সহ জামায়াতের নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও প্রশাসন দিয়ে নির্যাতন করেছে। পালিয়ে না থেকে বর্তমান সময়ে চারঘাট বাঘায় এসে রাজনীতি করুক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর সঞ্চালনায় ও যুবদলের নেতা মহিদুল ইসলাম জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি ,জেলা যুবদলের সদস্য জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
এদিকে সংবর্ধনাকে ঘিরে কিছু ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আড়ানী পৌর বাজার ও স্টেশন বাজার বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আড়ানী পৌর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, “গতকাল মাইকিং করে বলা হয়েছে বুধবার এমপির সংবর্ধনা উপলক্ষে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর বাজার ও স্টেশন বাজার বন্ধ রাখতে হবে। তারা বলেন,এমপি মহোদয়ের সংবর্ধনা আমরা সমর্থন করি, কিন্তু বাজার বন্ধ করে সংবর্ধনা করতে হবে কেন? এতে আমাদের বিক্রি বন্ধ, সাধারণ মানুষের ভোগান্তি।”



















