প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা
- আপডেট সময়ঃ ০৩:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২৮ বার পড়া হয়েছে।

আলমগীর মানিক,রাঙামাটি
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক সময় আর ফেরত পাওয়ার সুযোগ থাকে না। তবে প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানে রাঙামাটিতে হারানো ৪২টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া ৭৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৮ এপিবিএন)।
একই সঙ্গে বিভিন্ন ঘটনায় বিপদগ্রস্ত তিনজন ভিকটিমকে উদ্ধারে সহায়তা করেছে পুলিশের সাইবার ক্রাইম সেল।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাঙামাটি ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভায় যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৭৭ হাজার টাকার মধ্যে ৪৭ হাজার টাকা ভুলবশত অন্যের কাছে বা হিসাবে চলে গিয়েছিল। এছাড়া প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছিল আরও ৩০ হাজার টাকা। প্রযুক্তিগত অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ ও সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে এসব অর্থ উদ্ধার করা হয়।
১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল ও সংশ্লিষ্ট সদস্যদের ধারাবাহিক অনুসন্ধানে হারানো মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা, এ্যাডজুটেন্ট মোঃ মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ইত্তেখায়রুল ইসলাম, ১৮ এপিবিএনের পুলিশ পরিদর্শক, সদস্য এবং সাইবার ক্রাইম সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে অধিনায়ক মোঃ রেজাউল করিম বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। হারানো মোবাইল ফোন, অর্থ এবং বিপদগ্রস্ত ভিকটিম উদ্ধারে ১৮ এপিবিএন সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ারও পরামর্শ দেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে স্মার্টফোন ও মোবাইল ব্যাংকিং মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফলে একটি মোবাইল ফোন হারানো কিংবা অনলাইন লেনদেনে টাকা খোয়া যাওয়া ভুক্তভোগীর জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও সাইবার অনুসন্ধানের মাধ্যমে হারানো সম্পদ উদ্ধারে কাজ করছে ১৮ এপিবিএন।
এদিকে দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া সম্পদ হাতে পেয়ে তারা ১৮ এপিবিএন, রাঙামাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















