দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
- আপডেট সময়ঃ ০৪:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
সারা বাংলাদেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল ৯টায় দুর্গাপুর পৌর এলাকায় উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভা কর্মকর্তারা।
এ সময় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। এ কাজে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে দুর্গাপুর পৌরসভা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফারজানা হাবিবা’র সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, দুর্গাপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহাবুল হক, পৌরসভার কার্যসহকারী শ্রী রতন কুমার, হাবিবুর রহমান, আকরাম আলী, হযরত আলী, মাহাবুর রহমান, সাইদুর রহমান, ইসলাম আলী, জনাব আলী, শরিফুল ইসলাম, হাবিবুর রহমান প্রমূখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



















