তানোরে বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে পালিয়ে রক্ষা
- আপডেট সময়ঃ ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাকের কৃষক সমাবেশ পন্ড হয়েছে।এ সময় বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে বাঁচতে ডিলার, সাব-ডিলার ও কর্মকর্তা কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোহর ঘোড়া ডুবি মোড়ে এই ঘটনা ঘটেছে।এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঘোড়া ডুবি মোড়ে ব্র্যাকের বীজ ডিলারের উদ্যোগে আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।এদিকে খবর পেয়ে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান,এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা ব্র্যাকের আলু বীজ নিয়ে
প্রতারণার অভিযোগে আয়োজন পন্ড করে দেন।এনিয়ে কৃষকদের সঙ্গে ডিলার গোলাম মোর্তজা ,সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তাদের বাকবিতন্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে পরিস্থিতি প্রতিকুল বুঝতে পেরে ডিলার,সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তারা কৌশলে পালিয়ে যায়।
স্থানীয় কৃষক সাজা বলেন,ব্র্যাকের সাব-ডিলার দুলাল,তুষার, সাজু ও আহাদ আলী ব্র্যাকের আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন।তাদের কারণে আলু চাষি অসংখ কৃষক প্রতারিত হয়ে নিঃস্ব হবার পথে। তাদের সাব-ডিলারসীপ বাতিল করা না হলে তারা মোহর গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয়ে কোনো সভা করতে দিবেন না এমনকি এই এলাকার কোনো কৃষক ব্র্যাকের আলু বীজ রোপণ করবে না।
স্থানীয় কৃষক এনামুল জানান,গত মৌসুমে সাব-ডিলার তার কাছে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েছেন, কিন্ত্ত কোনো আলু বীজ না দিয়ে কালোবাজারে বিক্রি করেছেন। কৃষক ওমর আলী ও সপদুল বলেন, ব্র্যাকের এসব সাব-ডিলার ইতিপুর্বে কৃষকদের সঙ্গে বীজ নিয়ে প্রতারণা করেছে,তারা এলাকায় আলু বীজ না এনে একটি স্টোরে ও নারায়নপুর এলাকায় কালোবাজারে চারগুন বেশী দামে বিক্রি করেছেন।আবার অনেককে রিপ্যাক করে নিম্নমানের বীজ দিয়ে প্রতারিত করেছেন।তাদের সাব ডিলার বাতিল করা না হলে তারা ব্র্যাকের কোনো আলু বীজ রোপণ করবেন না। তাদের গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয় কোনো সভা করতে দিবেন না।
এবিষয়ে জানতে চাইলে ব্র্যাকের বীজ ডিলার গোলাম মোর্তুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকেরা কেনো আয়োজন পন্ড করে দিলো সেটা তার বোধগম্য নয়।তিনি বলেন,এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এবিষয়ে জানতে চাইলে ব্র্যাকের আলু বীজ বিষয়ক কর্মকর্তা(টেরিটরি) আমিনুল ইসলাম বলেন,তারা কৃষকদের সঙ্গে আলু বীজ বিষয়ক মতবিনিময় সভা করতে এসেছিলেন,কিন্ত্ত বিক্ষুব্ধ কৃষকের কারণে সেটা হয়নি।তিনি বলেন,ডিলারদের কিছু দোষক্রটি রয়েছে নইলে এমন হবার কথা নয়।
এবিষয়ে জানতে চাইলে সাব ডিলার তুষার বলেন, তিনি শাহীনের সাব-ডিলার তার কোনো সমস্যা নাই।তিনি বলেন, বীজ ডিলার মোর্তুজার সাব ডিলারদের নিয়ে কৃষকরা কিছুটা ক্ষুব্ধ।#



















