ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান
- আপডেট সময়ঃ ০৮:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয়, জেলার সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, পুলিশ লাইন্স, ব্যারাকসহ পুলিশের বিভিন্ন স্থাপনার আশপাশে একযোগে এ পরিষ্কার অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে—এমন স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে কীটনাশক স্প্রে করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিভিন্ন অপরিষ্কার স্থান নিজ হাতে পরিষ্কার করেন। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু মশা নিধনে সহায়তা করুন। ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।” জেলা পুলিশ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়া এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



















