মান্দায় ২৪ টাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ১০:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৮ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ২৪ পিস টাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের শিশুইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিশুইল গ্রামের মৃত রকিবের ছেলে মোহাম্মদ রাজু (৩২) এবং একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ প্রাংয়ের ছেলে মো. রাজু আহমেদ (৩৩)।
মান্দা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এএসআই তারিকুল, এএসআই আখতারুজ্জামান ও কনস্টেবল আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল শিশুইল গ্রামে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ রাজুর বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে—এমন সংবাদের সত্যতা যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ২৪ পিস টাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৪ পিস টাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

















