মোহনপুরে ভ্যানচালক হত্যাকাণ্ডে উত্তেজনা, গণপিটুনির চেষ্টা—পুলিশের হস্তক্ষেপে রক্ষা
- আপডেট সময়ঃ ০৭:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ভ্যানচালককে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ভ্যানচালক আলম (৪৪) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত মজিবর রহমান ইট দিয়ে আলমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা অভিযুক্ত মজিবর রহমানকে স্থানীয় পাঠক ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা চালায়। এ সময় মোহনপুর থানা পুলিশের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলাল উদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহনপুর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মোহনপুর উপজেলার ইউএনও ফাহিমা বিনতে আখতার, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান এবং র্যাব-৫ এর সদস্যরা। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



















