১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের পরিবর্তে লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৩:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেনি। বরং হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর স্বর্গীয় দেবেন্দ্র সূত্রধর মহাশয়ের বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চোখের সামনে ২০-২৫ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। আমরা বাংলাদেশে আরও ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করছি। এর মধ্যে ঢাকায় ছয়টি এবং দেশের অন্যান্য বড় শহরে ১১টি রেডিওথেরাপি সেবা চালু করা হবে।”
তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
পূজা পরিচালনা কমিটির সভাপতি অপূর্ব সূত্রধর (অপু)-এর সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাস্টার), নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য ডা. শাহ আলম হুদা কাজল, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল সূত্রধর, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মো. সুমন ফকির রাজ, বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইদুর রহমান রবিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।



















