চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময়ঃ ১০:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালোপাড়া মোড় থেকে রাজারামপুর নামোপাড়াসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। পৌরসভার ‘টিম-০৮’ এর উদ্যোগে পরিচালিত অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মশক নিধন কর্মী, যুবসমাজ, রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা। অভিযানকালে বিভিন্ন ড্রেন, জঙ্গল ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পৌরসভার দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



















