সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জামায়াতের
- আপডেট সময়ঃ ০৭:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কালারদরগাহ গ্রামের বাসিন্দা মাওলানা মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনায় এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিবৃতিতে তাঁরা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এভাবে একজন সজ্জন ব্যক্তির ওপর হামলা চালিয়েছে, যার নিন্দা জানানোর ভাষা তাঁদের জানা নেই। পতিত ফ্যাসিস্টের দোসররা একদিকে নানা ধরনের নাশকতার চেষ্টা করছে, অন্যদিকে জনগণের ওপর হামলা করছে।
তাঁরা অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মূল প্রেস বিজ্ঞপ্তিতে হামলার জন্য সোহাগ রনির বোনজামাই মামুনসহ কয়েকজনকে দায়ী করা হয়েছে।



















