সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- আপডেট সময়ঃ ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় কলেজটি। সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুড অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের নেতৃত্বে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।” এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



















