সংসদে কুসুম্বা শাহী মসজিদকে ঘিরে পর্যটন উন্নয়নের এমপি টিপুর দাবি, ইতিবাচক আশ্বাস দিলেন পর্যটন মন্ত্রী
- আপডেট সময়ঃ ০৯:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
জাতীয় সংসদে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদকে কেন্দ্র করে একটি পর্যটন স্পট গড়ে তোলার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন।
সংসদে তিনি জানতে চান, মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের কোনো প্রকল্প গ্রহণ করা হবে কি না এবং হলে তা কবে বাস্তবায়ন করা হবে।
প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী মিস্ আফরোজা খানম জানান, নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা শাহী মসজিদ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা।
ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য আকর্ষণ।
তিনি আরও বলেন, কুসুম্বা শাহী মসজিদকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় নকশা প্রণয়ন এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। তবে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করবে।
এদিকে সংসদে বিষয়টি উত্থাপিত হওয়ায় মান্দাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, কুসুম্বা শাহী মসজিদকে কেন্দ্র করে পর্যটন অবকাঠামো গড়ে উঠলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আগমন আরও বাড়বে।

















