সংসদে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবি: ডাঃ ইকরামুল বারী টিপুর প্রশ্ন
- আপডেট সময়ঃ ০৭:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১২৭ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু তার নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন।
তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে জানতে চান, মান্দা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই নদীর ওপর প্রসাদপুর, আয়াপুর,জোকাহাট খেয়াঘাট ও কালিকাপুর বাজার খেয়াঘাটে সেতু নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। পাশাপাশি এসব স্থানে সেতু নির্মাণের উদ্যোগ থাকলে তা বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা সম্পর্কেও জানতে চান তিনি।
সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, এসব এলাকায় সেতু না থাকায় স্থানীয় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার হতে বাধ্য হতে হচ্ছে।
তিনি আরও বলেন, দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।



















