রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি
- আপডেট সময়ঃ ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১০৪ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন, রাজশাহী:
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শরিফুল ইসলাম জনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়ার মাধ্যমে যুবদলের নেতৃত্বে আসেন। তারও আগে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আহ্বায়ক মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম জনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি’র প্রতিও ধন্যবাদ জানান।
তিনি রাজশাহী মহানগর যুবদলের সকল নেতাকর্মীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।



















