রাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা
- আপডেট সময়ঃ ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৩ বার পড়া হয়েছে।

আবু বাক্কার সৈকত, রাবিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ইশতেহারে ‘হ্যাঁ’ ও ‘না’ ক্যাটেগরির মাধ্যমে সাতটি করে ১৪টি বিষয় সামনে আনা হয়েছে। ছাত্র সংসদ মেয়াদের ১২ মাসে ২৪ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
‘হ্যাঁ’ হিসেবে রয়েছে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার নিশ্চিত, নিরাপদ ক্যাম্পাস, তথ্যসেবা ও আধুনিকায়ন, সব অংশীজনের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি এবং সুচিকিৎসা। বিপরীতে ‘না’ হিসেবে উল্লেখ করা হয়েছে– স্বাক্ষরে ৫০ টাকা হল ফি, হল দখল ও সিট বাণিজ্য, ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি, স্লাটশেমিং, সাইবার বুলিং ও শারীরিক নির্যাতন, ধর্মবিদ্বেষ, মাদক ও ছিনতাই এবং সন্ত্রাস ও সহিংসতা।
২৪টি সংস্কার প্রতিশ্রুতির অন্যতম হলো– জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, জুলাইয়ে হামলাকারীদের বিচার, জাদুঘর স্থাপন ও ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা। শতভাগ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, তার আগ পর্যন্ত আবাসন ভর্তুকি, শিক্ষার্থীদের মাঝে গবেষণা বৃত্তি, লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ, কেন্দ্রীয় গ্রন্থাগার শীততাপ নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য আধুনিক সুবিধা নিশ্চিত, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ চুক্তি এবং টিচার্স একচেঞ্জ চালু করা। প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নে একটি অ্যাপের মাধ্যমে সব সুবিধা নিশ্চিত, টিএসসিসি, অডিটোরিয়ামের ভাড়া শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে আনা, মেডিকেল সেন্টারকে ২০ শয্যা করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা, ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি ও লাইটিংয়ের ব্যবস্থা করা। ক্যাম্পাসে গাড়ি চলতে নিবন্ধনের ব্যবস্থা, বাসের ট্রিপ বৃদ্ধি, নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক হেল্পলাইন, ‘চাইল্ড ডে কেয়ার’ স্থাপনসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু, তথ্যসেবা নিশ্চিতে অ্যাপস চালু এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কোর্স, অন ক্যাম্পাস জব নিশ্চিত ও পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন করা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য লিফট, ব্রেইল পদ্ধতি, অডিওবুক, বিশেষ বাথরুম সুবিধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় উপাসনালয় এবং ধর্মীয় উৎসবে নিরাপত্তা বৃদ্ধি; সংস্কৃতির বৈচিত্র্যতা বৃদ্ধিতে হামদ, নাত, কাওয়ালি ইসলামী দর্শনভিত্তিক নানা আয়োজন এবং এর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, স্বাস্থ্যকর স্যানিটাইজেশনে উদ্যোগ, ক্রীড়া উন্নয়নে বাজেট বৃদ্ধি ও ক্রীড়া সংশ্লিষ্ট সুবিধার বৃহৎ সংস্কার করা। সাহিত্য, প্রকাশনা ও সামাজিক সংগঠনের উন্নয়নে নানা সুবিধা নিশ্চিত, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের জন্য প্রকৃতি রক্ষা কমিটির মাধ্যমে উদ্যোগ, অপরাধ দমনে অনলাইন-অফলাইনে নানা ব্যবস্থা এবং দলীয় শিক্ষক রাজনীতি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে শিবির।




















