মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ পালিত
- আপডেট সময়ঃ ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর, ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মোহনপুর উপজেলা প্রশাসন ভবন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ রোধ এবং তাদের উপযুক্ত শিক্ষা ও মানসিক বিকাশে ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপত্ত নিশ্চিত করতে পারলে তারা দেশের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্বজয় করবে।”
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




















