মান্দায় নাগরিকের গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১
- আপডেট সময়ঃ ০৫:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রঞ্জুঃ
নওগাঁর মান্দায় নাগরিকদের গোপনীয় ও সংবেদনশীল তথ্য অর্থের বিনিময়ে সংগ্রহ ও বিক্রির অভিযোগে মো. আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার দোকান থেকে কম্পিউটার, মোবাইল ফোন, সিমকার্ড, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুস সালাম সরকার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রসাদপুর এলাকায় ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামে একটি দোকান পরিচালনা করতেন।
র্যাব-৫-এর এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীত পাশে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সালাম সরকারকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দিয়ে নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল ডিজিটাল তথ্য সংগ্রহ করে বেশি দামে অন্যদের কাছে সরবরাহ করতেন। এসব তথ্যের মধ্যে জাতীয় পরিচয়পত্র, মোবাইল সিমের মালিকানা, লাস্ট কল লোকেশন, আইএমইআই, সিডিআর ও মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত তথ্য রয়েছে।
অভিযানে তার দোকান থেকে দুটি HP Core i5 ল্যাপটপ, দুটি CPU, একটি Dell মনিটর, একটি LED TV, দুটি কিবোর্ড, একটি মাউস, একটি Epson কালার প্রিন্টার, একটি Netis রাউটার, বিভিন্ন ধরনের ক্যাবল, আটটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ৫২টি ল্যামিনেট করা এনআইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের কার্ড, BMET Emigration Clearance Card, দুটি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড এবং নির্বাচন কমিশনের দুটি প্রত্যয়নপত্র জব্দ করা হয়।
র্যাবের এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ও তার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন নামে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছিলেন।
এ ঘটনায় র্যাব-৫ রাজশাহীর এসআই (নিরস্ত্র) উজ্জল হোসেন বাদী হয়ে আব্দুস সালাম সরকারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করার জন্য মান্দা থানায় এজাহার দাখিল করেছেন।
জব্দ করা ডিভাইস পর্যালোচনা করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।



















