বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময়ঃ ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বিভক্ত না করে পূর্বের অবস্থায় পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী ও ভোটাররা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে ব্যানার নিয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে আসছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রটি বিভক্ত করে প্রায় ৯০০ ভোটারকে সল্লাবাদ পশ্চিমপাড়া এলাকার সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায় নতুন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নতুন কেন্দ্রটি অনেক ভোটারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দূরত্বের কারণে বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হবে। এতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে কর্মসূচিতে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তিনি নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পূর্বের অবস্থায় বহাল রাখার দাবির প্রতি সমর্থন জানান এবং স্থানীয় ভোটারদের সুবিধা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা যুবদল সদস্য মোঃ কামরুজ্জামান আজিম।
মানববন্ধনে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম বলেন, “নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি স্বাধীনতার পর থেকে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করে আসছে। হঠাৎ করে কেন্দ্রটি ভেঙে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নেব না। এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের কেন্দ্রটি বহাল রাখতে হবে।”
পরে মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কাররুল হাসান। গণশুনানিতে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে নবগঠিত কেন্দ্রটি বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেই পূর্বের মতো সব ভোটারের ভোটদানের ব্যবস্থা বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।
দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেলাব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় নিলক্ষিয়া, সল্লাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত হিসেবে রয়েছে।



















