বেলাবোতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা
- আপডেট সময়ঃ ১০:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় নরসিংদীর বেলাবো উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, সাইফুল ইসলাম, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নুর আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক, এর সুবিধা এবং প্রান্তিক ও প্রকৃত দুস্থ পরিবারগুলোকে কীভাবে এ কর্মসূচির আওতায় আনা হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের এ কল্যাণমূলক উদ্যোগটি যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে শতভাগ সফলভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলাবো উপজেলায় প্রথম ধাপে বিন্নাবাইদ, পাটুলী ও চর উজিলাব ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি সহায়তার আওতায় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



















