বেতাগীতে ভুয়া কাজী পরিচয়ে বিয়ে পড়ানোর অভিযোগ
- আপডেট সময়ঃ ০২:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।

সোহেল রানা ( বরগুনা ):
বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুদার ইউনিয়নে সরকারি নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) না থাকায় বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ সুযোগে মোঃ মিজানুর রহমান ও মোঃ জলিলুর রহমান নামে দুই ব্যক্তি কাজী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিয়ে পড়ানো ও নিকাহ রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত হচ্ছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ওই ইউনিয়নে সরকারি অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার না থাকায় সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্তিতে পড়ছেন। বিয়ে পড়ানো বা নিকাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বড় অঙ্কের টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
তবে মোঃ মিজানুর রহমান বলেন, তিনি প্রথমে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে মোঃ জলিলুর রহমান নিয়োগের বিষয়টি নিয়ে মামলা করেন। তার নিয়োগ বাতিল হয়েছে—এমন কোনো আদেশ তিনি পাননি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মোঃ জলিলুর রহমান বলেন, তিনি আগে নিয়োগ পেলেও টাকা বিনিময়ের মাধ্যমে তাকে বাদ দিয়ে অন্য ব্যক্তির নাম দ্বিতীয় অবস্থানে দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি হাইকোর্টে মামলা করেন এবং পরবর্তীতে নিয়োগ স্থগিত হয়েছে বলে দাবি করেন।
বেতাগী উপজেলা কাজী কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন কাজী বলেন, ৫ নং বুড়ামজুদার ইউনিয়নে বর্তমানে সরকারের নিয়োগ দেওয়া কোনো কাজী নেই। প্রথমে মোঃ মিজানুর রহমান কাজী হিসেবে নিয়োগ পেলেও পরে মোঃ জলিলুর রহমান নিয়োগের বিষয়টি নিয়ে মামলা করায় মহামান্য হাইকোর্ট নিয়োগটি স্থগিত রাখেন।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। মহামান্য হাইকোর্ট যে রায় দেবেন, তা আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা নাম না বলা শর্তে জানান, সরকারি নিকাহ রেজিস্ট্রার না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বিয়ে ও নিকাহ রেজিস্ট্রেশন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত একজন বৈধ ও সরকারি অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।



















