বাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার বৈলসিংহ এলাকায় দাওয়াতুল কুরআন মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল বারী সরকার বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখায়। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় গড়ে তুলতে আলেম-ওলামা ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। তাই ইসলামের সুমহান আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নম্বর মাড়িয়া ইউনিয়ন শাখার আমীর নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোফাজ্জল হোসাইন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















