বাগমারার দহের ঘাটে ব্রিজ নির্মাণে জটিলতা নিরসনে এমপি ডাঃ আব্দুল বারীর পরিদর্শন
- আপডেট সময়ঃ ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালিপাড়া ইউনিয়নের দহের ঘাটে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে ব্রিজ নির্মাণের উদ্যোগে স্থান পরিদর্শন করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় স্থানীয়দের সঙ্গে নিয়ে সম্ভাব্য ব্রিজ নির্মাণ এলাকা ঘুরে দেখেন তিনি এবং দীর্ঘদিনের রাস্তা সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নেন।
স্থানীয়দের দাবি, দহের ঘাটে একটি ব্রিজ নির্মাণ হলে বাগমারার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ সরাসরি উপকৃত হবেন। বর্তমানে ফকিন্নি নদীতে সারা বছর পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা নৌকা। সামান্য প্রয়োজনে কিংবা জরুরি পরিস্থিতিতে স্থানীয়দের প্রায় ১৫ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয়।
বিশেষ করে অসুস্থ রোগী, দুর্ঘটনার শিকার ব্যক্তি ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নদী খননের ফলে ফকিন্নি নদীতে এখন সারা বছর পানি থাকে। এতে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষকদের জমির উৎপাদিত পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর প্রাণের দাবি ছিল দহের ঘাটে একটি ব্রিজ নির্মাণ। তবে সামান্য জমি সংক্রান্ত জটিলতার কারণে অনুমোদিত ব্রিজটির কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। স্থানীয় আব্দুল জব্বার ঠিকাদার তার জমির ওপর দিয়ে রাস্তা দিতে আপত্তি জানিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।
পরিদর্শনকালে সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার আব্দুল জব্বারের সঙ্গে কথা বলেন। পরে তিনি জনগণের স্বার্থে রাস্তার জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ব্রিজ নির্মাণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, কাচারী কোয়ালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















