বাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৩:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলায় আদালতের ৭টি ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াজকুরুনি (৫৫) কে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।
গ্রেপ্তার ওয়াজকুরুনি বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে ৪টি সিআর সাজা ও ৩টি সিআর মামলাসহ মোট ৭টি ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াজকুরুনি প্রায় ৫ থেকে ৬ বছর ধরে পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ধারণা ছিল, তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে পুলিশের তথ্যপ্রযুক্তি সহায়তায় অনুসন্ধানে তার ঢাকার সাভার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে তিনি একটি গার্মেন্টসে চাকরি করছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা থানার এসআই শিহাবের নেতৃত্বে এসআই রফিক, এসআই জাহেদ ও এএসআই কামালসহ পুলিশের একটি দল সাভার থানাধীন রাজাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ওয়াজকুরুনির বিরুদ্ধে থাকা ওয়ারেন্টগুলো দীর্ঘদিনের। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



















