বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
- আপডেট সময়ঃ ০৭:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের শিয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় শিয়ালা বাজার এলাকায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে মোবাইল কোর্টে বিচার করা হয়।
আদালত মো. হায়দার আলীকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শ্রী বন্ধন দাসকে ১০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনসাধারণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
অভিযানকালে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জায়েদসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।




















