বাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলা
- আপডেট সময়ঃ ০৬:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে ডিস (কেবল টিভি) ব্যবসা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার ওপর হামলা, চাঁদা দাবি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা আসাদুল ইসলাম। মামলায় আসামি করা হয়েছে ছাত্রদল নেতা পারভেজ রানা, আমিন, মোশাররফ হোসেন মারুফ খামারু, আল সাদিক, বাদল মোল্লা, ফাইমা খাতুন, সুমন, শাহিন আলম, জয়নাল, ইকবাল ও প্রদীপকে। এছাড়া অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই রাত প্রায় ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে আসাদুল ইসলাম তার ডিস ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং ডিস ব্যবসা তাদের নামে লিখে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় আসাদুল ইসলামকে।
হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের কন্ট্রোল রুমে ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট করে এবং ডিস সংযোগের বিভিন্ন মালামাল নিয়ে যায়। একই সঙ্গে ক্যাশ বাক্স থেকে ৬৫ হাজার ২৫০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাগমারা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী ডিস ব্যবসায়ী যুবদল নেতা আসাদুল ইসলাম বলেন, ফাইমা খাতুন একজন সন্ত্রাসী মহিলা। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সেটি দখলের চেষ্টা করে। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তার নেতৃত্বে ভাড়াটে বাহিনী আমার উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করে। এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান যুবনেতা আসাদুল ইসলাম।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

















