বাগমারায় অবৈধ পুকুর খনন ও খাল দখল রোধে সংসদে এমপি আব্দুল বারীর জোরালো দাবি
- আপডেট সময়ঃ ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ফসলি জমিতে অবৈধভাবে পুকুর ও দিঘি খনন এবং স্থানীয় খাল দখল ও ভরাটের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জাতীয় সংসদে জোরালো দাবি জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।
বুধবার (১৫ এপ্রিল) মহান জাতীয় সংসদের অধিবেশনে ৪৪৩ নম্বর তারকাচিহ্নিত প্রশ্ন এবং সম্পূরক আলোচনায় তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে তিনি বলেন, “আজ আমার জীবনের একটি স্মরণীয় দিন। এই মহান সংসদে প্রথমবার কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
তিনি বলেন, রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিয়ম অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর ও দিঘি খনন করা হচ্ছে। ফলে কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে এবং পরিবেশ ও প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একই সঙ্গে তিনি বাগমারার ভবানীগঞ্জ থেকে আত্রাই পর্যন্ত বিস্তৃত খাল এবং মচমইল বাজার সংলগ্ন খালগুলো দখল ও ভরাটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এসব খাল দখল এবং বিল-পুকুর খননের কারণে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি আব্দুল বারী সরদার বলেন, স্থানীয় প্রশাসন অবৈধ পুকুর খনন ও খাল দখল বন্ধে চেষ্টা চালালেও পুরোপুরি সফল হচ্ছে না। তাই এসব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে জানতে চান, জনগুরুত্বপূর্ণ খালগুলো উদ্ধার করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার দ্রুত কোনো জরুরি উদ্যোগ নেবে কি না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাগমারার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের আস্থা ও সমর্থনই তাকে সংসদে কথা বলার সুযোগ দিয়েছে এবং তিনি সবসময় এলাকার স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, বাগমারার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খনন ও খাল দখল রোধ এখন সময়ের দাবি।




















